আরও ৬ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি  বক্তব্য দেবেন শেখ হাসিনা

২৩ ডিসেম্বর, ২০২৩ ০০:৪১  

৫ জেলার পর শনিবার আরো ৬ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে ভার্চুয়ালি এ জনসভায় অংশ নেবেন তিনি।

বিকেল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে খুলনা বিভাগের কুষ্টিয়া, ঝিনাইদহ ও সাতক্ষীরা জেলা, বরিশাল বিভাগের বরগুনা জেলা, চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলা এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

এসব কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ, উপজেলা-থানা-পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবেন। একই সঙ্গে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকার আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।

আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগামীকালের ভার্চুয়াল জনসভা সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পাঁচটি জেলার নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।